মঙ্গলবার, ২ জুন ২০২৬
Single Top Banner

২০২৬ বিশ্বকাপ জিতবে স্পেন! 

ডেস্ক রিপোর্ট :

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। ইতিহাসের সবচেয়ে বড় ও জমকালো আয়োজন হিসেবে এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি ভেন্যুতে যৌথভাবে অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ।

আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের, যা চলবে টানা পাঁচ সপ্তাহেরও বেশি সময়। ১২টি গ্রুপে বিভক্ত দলগুলো লড়বে পরের পর্বে জায়গা করে নেওয়ার জন্য। এবারের আসরে প্রথমবার যুক্ত হয়েছে ৩২ দলের নকআউট পর্ব। আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেখানে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়া হবে।
বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে আলোচনা। সেই কৌতূহল মেটাতে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা তাদের সুপারকম্পিউটারের মাধ্যমে পুরো টুর্নামেন্ট ১০ হাজার বার কাল্পনিকভাবে পরিচালনা করে সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার স্পেন। ১০ হাজার সিমুলেশনের মধ্যে ১৬ দশমিক ১ শতাংশ ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের বর্তমান শক্তিশালী দলটি। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন গ্রুপ ‘এইচ’-এ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের মুখোমুখি হবে।

অপ্টার পূর্বাভাসে স্পেনের শেষ আটে ওঠার সম্ভাবনা ৫২ দশমিক ১ শতাংশ এবং ফাইনালে খেলার সম্ভাবনা ২৫ দশমিক ৬ শতাংশ। তরুণ তারকা লামিন ইয়ামাল এবং মাঝমাঠের ভরসা রদ্রিকে ঘিরেই তাদের বড় স্বপ্ন।
শিরোপার প্রধান দাবিদাররা

স্পেনের পরই রয়েছে ফ্রান্স। দুই আসর ধরে টানা ফাইনাল খেলা দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ১৩ শতাংশ। কোচ দিদিয়ের দেশমের বিদায়ী বিশ্বকাপে ফরাসিদের নেতৃত্ব দেবেন কিলিয়ান এমবাপ্পে। তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ২১ দশমিক ৩ শতাংশ।
তৃতীয় অবস্থানে থাকা ইংল্যান্ডের সম্ভাবনা ১১ দশমিক ২ শতাংশ। কোচ টমাস টুখেলের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা দলটি দীর্ঘ ৬০ বছরের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দলের ভরসা হ্যারি কেইন ও জুড বেলিংহাম।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা ধরা হয়েছে ১০ দশমিক ৪ শতাংশ। ৩৮ বছর বয়সী কিংবদন্তি লিওনেল মেসির নেতৃত্বে দলটির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৭৩ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ১৮ দশমিক ১ শতাংশ।
অন্যান্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনা ৭ শতাংশ। এটি হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। তাদের শেষ চারে ওঠার সম্ভাবনা ২৩ দশমিক ৯ শতাংশ।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে ৬ দশমিক ৬ শতাংশ সম্ভাবনা নিয়ে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওরা ২৪ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে নামবে।

জার্মানির সম্ভাবনা ৫ দশমিক ১ শতাংশ। এছাড়া নেদারল্যান্ডস (৩ দশমিক ৬ শতাংশ), নরওয়ে (৩ দশমিক ৫ শতাংশ), বেলজিয়াম (২ দশমিক ৪ শতাংশ), কলম্বিয়া (২ দশমিক ১ শতাংশ) এবং মরক্কোকে (১ দশমিক ৯ শতাংশ) সম্ভাব্য অঘটন ঘটানোর দল হিসেবে দেখছে সুপারকম্পিউটার।
বিশেষ করে আর্লিং হালান্ডের নরওয়ে বাছাইপর্বে ৩৭ গোল করে আলোচনায় এসেছে।

চার দলের বিশ্বকাপ অভিষেক
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। অপ্টার হিসাব অনুযায়ী, কুরাসাও ১০ হাজার বারের কোনো কাল্পনিক প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে চমকপ্রদভাবে হাইতি একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে।

আয়োজক দেশগুলোর অবস্থান
তিন সহ-আয়োজকের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১ দশমিক ২ শতাংশ। কোচ মাউরিসিও পচেত্তিনোর দল গ্রুপ ‘ডি’ থেকে নকআউট পর্বে ওঠার ভালো সম্ভাবনা রাখে।
অন্যদিকে মেক্সিকোর সম্ভাবনা ১ শতাংশ। কানাডারও পরের পর্বে যাওয়ার সুযোগ থাকলেও শিরোপার লড়াইয়ে তারা অনেকটাই পিছিয়ে।

অপ্টার সুপারকম্পিউটার বলছে, ৪৮ দলের এই বিশ্বকাপে ৩৫ দশমিক ৯ শতাংশ সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ নতুন কোনো দেশের চ্যাম্পিয়ন হওয়ার। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। মাঠের লড়াই শুরু হলে মুহূর্তেই বদলে যেতে পারে সব পরিসংখ্যান ও পূর্বাভাস।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত