বিশ্বকাপ ফুটবলের উত্তাপ এখনও অনেক দূরে, তবে ফুটবলপ্রেমীদের আবেগে তার ছোঁয়া ইতোমধ্যেই লেগেছে পার্বত্য জেলা রাঙামাটিতে। ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মিলনমেলায় শুক্রবার বিকেলে রাঙামাটি শহরে দেখা গেছে সম্প্রীতি, উচ্ছ্বাস ও ফুটবলপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত।
শুক্রবার (৫ জুন) বিকেল ৫টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি বের করা হয়। প্রায় দুই শতাধিক মোটরসাইকেলের বহরে অংশ নেন ব্রাজিলভক্তরা। সবুজ-হলুদ পতাকা, ব্রাজিলের জার্সি এবং নানা স্লোগানে মুখরিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে আসামবস্তি, ব্রাজিল ব্রিজ, বেদবেদী, বনরূপা ও রিজার্ভ বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ঘুরে যায়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষ র্যালি উপভোগ করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখেন।
তবে পুরো আয়োজনের সবচেয়ে ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া মুহূর্তটি সৃষ্টি হয় শহরের কাঠালতলি এলাকায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আর্জেন্টিনা দলের সমর্থকরা। চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের প্রতি সৌহার্দ্যের বার্তা দিতে তারা ব্রাজিল সমর্থকদের মধ্যে সেভেন আপ পানীয় বিতরণ করেন। দুই দলের সমর্থকদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ উপস্থিত জনতার প্রশংসা কুড়ায় এবং উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

র্যালিতে অংশগ্রহণকারী ব্রাজিল সমর্থকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন প্রকাশ করতেই এই আয়োজন। তাদের মতে, এমন আয়োজন শুধু সমর্থকদের আনন্দই দেয় না, বরং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনও আরও দৃঢ় করে।
সমর্থকদের কণ্ঠে ছিল ২০২৬ বিশ্বকাপ ঘিরে আশাবাদের সুর। তারা বিশ্বাস করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শক্তিশালী দল নিয়ে মাঠে নেমে আবারও বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করবে। র্যালিজুড়ে বারবার উচ্চারিত হয়েছে “২০২৬ বিশ্বকাপ আবারও ব্রাজিলের হবে।”
আয়োজকদের ভাষ্য, রাঙামাটিতে ফুটবলপ্রেমী মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং খেলাধুলার ইতিবাচক সংস্কৃতি ছড়িয়ে দিতেই এ আয়োজন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই বাইক র্যালি রাঙামাটির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। একই সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ফুটবল যে শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং সম্প্রীতি ও আনন্দেরও নাম; সেই বার্তাই আবারও তুলে ধরেছে।


