ছাত্রশিবিরের কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৪ জুন) দুপুরে কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ মাঠ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলের নেতৃত্বে নেতাকর্মীরা অভিযোগ করেন, গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মো. সাইফুল ইসলাম শাকিল বলেন, “গুম ও অপহরণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কোনো ধরনের নাটক বা বিভ্রান্তি সৃষ্টি জাতির সঙ্গে প্রতারণার শামিল। এসব ইস্যুকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারকারীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।”
ছাত্রদলের সহ-সভাপতি আবু আবরার আলভি বলেন, “মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা কখনো সফল হবে না। সত্য ও ন্যায়ের পক্ষে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।”
এদিকে সাংগঠনিক সম্পাদক আলভি হোসেন হাসান বলেন, “নারী নির্যাতন, ধর্ষণ কিংবা সহিংসতার মতো অপরাধের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই বিচার নিশ্চিত করতে হবে।”
বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর শাহসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
ছাত্রদল নেতারা জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় রাঙামাটিতেও এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।


