বুধবার, ১৭ জুন ২০২৬
Single Top Banner

মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা, বাতিল দুই দলের দুটি গোল

নিজস্ব প্রতিবেদক :

আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছে দুই দল। ম্যাচের প্রথম কয়েক মিনিটেই গোলের দেখা পেলেও অফসাইডের কারণে উভয় দলের একটি করে গোল বাতিল হয়। তবে ১৭তম মিনিটে আর কোনও ভুল করেননি অধিনায়ক লিওনেল মেসি। তার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। দুর্দান্ত এক হেড করেছিলেন লাউতারো মার্তিনেজ, তবে তার প্রচেষ্টা সহজেই তালুবন্দি করেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান।

এর দুই মিনিট পর দারুণ এক আক্রমণ থেকে জালে বল জড়িয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বিল্ডআপের সময় অফসাইড হওয়ায় ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় গোলটি বাতিল করা হয়।

অষ্টম মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরার আনন্দে মেতে ওঠে আলজেরিয়া। বল পেয়ে প্রথম স্পর্শেই অসাধারণ ফিনিশে জাল খুঁজে নিয়েছিলেন শাইবি। তবে রেফারি বাঁশি বাজিয়ে জানান, গোলটি অফসাইডের কারণে বৈধ নয়।

এরপর ১৭তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। আর্জেন্টিনার একটি ফ্রি-কিকের সময় মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে ফেলে আলজেরিয়ার রক্ষণভাগ। সেই সুযোগ কাজে লাগিয়ে মাঝমাঠ থেকে নিখুঁত পাস বাড়ান রদ্রিগো দে পল। বল পেয়ে দ্রুতগতিতে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে পেনাল্টি বক্সের কিনারায় পৌঁছে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান মেসি।
মেসির এই গোলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শুরু থেকেই জমে ওঠা ম্যাচে এখন পর্যন্ত দুই দলেরই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকরা উপভোগ করছেন দারুণ এক লড়াই।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত