রবিবার, ২১ জুন ২০২৬
Single Top Banner

হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা নাজিম উদ্দীন ফরিদ গ্রেপ্তার, উদ্ধার ১০ ককটেল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল ও ছয়টি আতশবাজি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেট এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজিম উদ্দীন ফরিদ (৪৯) একই ইউনিয়নের উদালিয়া গ্রামের মোহসেনা পাড়ার মৃত মৌলানা বাদশা আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) রুপণ নাথ ও এসআই রায়হানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে ফরিদকে আটক করে। এ সময় তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে এবং গ্রেপ্তার ব্যক্তিকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ফরহাদাবাদ ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত