চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন এবং মূল আসামিকে গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় চট্টগ্রাম জেলা পুলিশের চার সদস্যকে পুরস্কার, সনদপত্র ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।
গত ২০ জুন (শনিবার) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি আনোয়ারার চেনামতি এলাকায় সংঘটিত আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার এবং তাকে আইনের আওতায় আনতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৫ জুন চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় পটিয়া এলাকা থেকে মামলার মূল আসামি রিমন বড়ুয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এই সফল অভিযানে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শিমুল চন্দ্র দাস, এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা এবং কনস্টেবল মোঃ রিমন হোসেনকে পুরস্কৃত করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ এ অর্জনকে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পেশাদার পুলিশিংয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছে।


