চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় অভিযুক্ত মূল পরিকল্পনাকারী মো. আইয়ুবকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৭।
রবিবার (২১ জুন) ভোরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় শাহআলম নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭, চট্টগ্রামের সেকেন্ড ইন কমান্ড মেজর জালিস মাহমুদ খান। রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, র্যাবের একটি দল একজন আসামিকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে গেছে।
গ্রেফতারকৃত মো. আইয়ুব রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কদলপুর সমশেরপাড়া এলাকার আব্দুল মোনাফের ছেলে।
জানা গেছে, গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নেতা মাসুদুল হক চৌধুরীকে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় ১৫ জুন দিবাগত রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।
নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। এছাড়া তিনি বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই এবং বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মরহুম খালেদ চৌধুরীর ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আলোচিত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


