মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Single Top Banner

প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর আড়াইটা থেকে মাজারে সংরক্ষিত সিল করা ডেকচির ঢাকনা খুলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। ব্যতিক্রমী এ উদ্যোগকে ঘিরে মাজার প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ দেখা গেছে।

জানা গেছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ গণনা কার্যক্রমে মাদরাসার শিক্ষার্থীরা দানের অর্থ গণনার দায়িত্ব পালন করছেন। পুরো প্রক্রিয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত রয়েছেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

গণনার সময় মাজার প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আগে কখনো প্রকাশ্যে দানের অর্থ গণনার এমন দৃশ্য দেখা না যাওয়ায় বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, গণনা শেষে মোট দানের পরিমাণ নির্ধারণ করা হবে। এরপর এ অর্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দেশ-বিদেশ থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা দান করে আসছেন। তবে এসব দানের অর্থ প্রকাশ্যে গণনার কোনো নজির আগে ছিল না। প্রশাসনের উপস্থিতিতে এবার প্রকাশ্যে অর্থ গণনার উদ্যোগ নেওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত