শনিবার, ২৭ জুন ২০২৬
Single Top Banner

৩০ হাজার কোটি টাকার চট্টগ্রাম মনোরেল প্রকল্পের এমওইউ বাতিল, আইনি পদক্ষেপের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

মিশরের দুই শীর্ষ নির্মাণ প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন ও দ্য আরব কন্ট্রাক্টরস-এর বাংলাদেশ প্রতিনিধি পরিচয় দেওয়া ব্যক্তি কাওসার আলম চৌধুরীর দাবির সত্যতা না পাওয়ায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাবিত চট্টগ্রাম মনোরেল প্রকল্পের সমঝোতা স্মারক (MoU) বাতিল করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

সিসিসি মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, কাওসার আলমের সঙ্গে স্বাক্ষরিত এমওইউ বাতিল করা হয়েছে এবং এ প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এটি কোনো চূড়ান্ত চুক্তি ছিল না; ২০২৫ সালের ১ জুন এক বছরের জন্য একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় ২৪ জুন আনুষ্ঠানিকভাবে এটি বাতিল করা হয়েছে।

এর আগে মিশর দূতাবাস ২২ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-কে জানায়, কাওসার আলমের সঙ্গে ওই দুই প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় সিসিসিকে প্রকল্পের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়।

ব্যাকগ্রাউন্ড যাচাই ছাড়াই এমওইউ স্বাক্ষরের বিষয়ে মেয়র বলেন, বিদেশি বিনিয়োগ যাচাই ও অনুমোদনের দায়িত্ব বিডার। সিটি করপোরেশন একাধিকবার বিডাকে চিঠি দিলেও বিষয়টি বিভিন্ন দপ্তরে আটকে ছিল।

এদিকে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, চট্টগ্রামের পাহাড়ি ভূপ্রকৃতির কারণে মনোরেল ব্যবস্থা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন মেয়র।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত