রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাঙামাটির বৈধ অটোরিকশা চালকরা। আগামী শনিবারের মধ্যে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে রোববার থেকে জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙামাটি জেলা অটোরিকশা সচেতন চালকবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার শত শত বৈধ অটোরিকশা চালক ও মালিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কোনো ধরনের রেজিস্ট্রেশন ও রুট পারমিট ছাড়াই রাঙামাটি শহরের বিভিন্ন সড়কে অবাধে চলাচল করছে হাজার হাজার অবৈধ অটোরিকশা। এতে একদিকে শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে নিয়মিত সরকারি ট্যাক্স, টোকেন ফি ও অন্যান্য সরকারি ফি পরিশোধ করে বৈধভাবে চলাচলকারী চালকরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন।
বক্তারা বলেন, প্রশাসনের চোখের সামনেই অবৈধ যান চলাচল করলেও তা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে বৈধ চালকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
আন্দোলনকারীরা প্রশাসনের প্রতি আলটিমেটাম দিয়ে বলেন, আগামী শনিবারের মধ্যে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন সব অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামী রোববার থেকে রাঙামাটি জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।
এদিকে সম্ভাব্য অটোরিকশা ধর্মঘট বাস্তবায়িত হলে পর্যটননির্ভর রাঙামাটি শহরের অভ্যন্তরীণ যাতায়াত, সাধারণ মানুষের চলাচল এবং পর্যটকদের ভোগান্তি বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।


