বুধবার, ৮ জুলাই ২০২৬
Single Top Banner

দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ

আলমগীর মানিক, রাঙামাটি :

টানা ভারী বর্ষণে রাঙামাটি জেলায় পাহাড় ধসের তীব্র আশঙ্কা সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী বহু পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা ছাত্রদল।

মঙ্গলবার জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে সেখানে অবস্থানরত দুর্গত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। এ সময় শিশু, নারী ও প্রবীণদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করারও চেষ্টা করেন সংগঠনের নেতাকর্মীরা।

রাঙামাটি জেলা ছাত্রদলের নেতারা বলেন,পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও রাঙামাটি জেলা বিএনপির নির্দেশনায় মানবিক এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোকে সংগঠনের নৈতিক ও সামাজিক দায়িত্ব উল্লেখ করে তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগকালীন সময়ে কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের এ ধরনের মানবিক কার্যক্রম দুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করে।

উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের কারণে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। প্রশাসন সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার আহ্বান জানিয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত