চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) রাত ১টা ৩৫ মিনিটের দিকে লোহাগাড়া থানাধীন চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল লোহাগাড়া থানা পুলিশ। এ সময় একটি হলুদ-নীল রঙের মিনি ট্রাক তল্লাশি করে চালকের আসনের নিচে যন্ত্রাংশের বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ মিনি ট্রাকটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন— মো. নয়ন মিয়া (২৮) এবং মো. আবু তালেব (২৭)।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


