বুধবার, ২৯ জুলাই ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন চট্টগ্রাম চিড়িয়াখানা শুধু বিনোদনের স্থান হিসেবে নয়, এটাকে এমনভাবে গড়ে তোলা হবে, যেখানে দর্শনার্থীরা আনন্দের পাশাপাশি প্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে এবং এই চিড়িয়াখানাটিকে আন্তর্জাতিক মানেরও উন্নীত করা হবে।

প্রতিমন্ত্রী সোমবার চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম—স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ প্রাণী সম্পর্কে জানতে পারে, তাদের জীবন-যাপন, বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারে,সেই বিষয়টি মাথায় রেখে চিড়িয়াখানাটিকে সাজানো হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আধুনিক চিড়িয়াখানার মূল উদ্দেশ্য শুধু প্রাণী প্রদর্শন নয়; বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা, পরিবেশ সচেতনতা এবং বিনোদনের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত ব্যবস্থাপনা, দর্শনার্থীবান্ধব পরিবেশ এবং শিক্ষণীয় বিভিন্ন কার্যক্রম যুক্ত করা হবে।

প্রতিমন্ত্রী টুকু বলেন, বাংলাদেশের অন্যান্য চিড়িয়াখানাগুলকে কীভাবে আরো আধুনিকায়ন করা যায় এবং দর্শনার্থীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সেগুলোকে কিভাবে আকর্ষণীয় করে গড়ে তোলা যায় তা নিয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। দেশের চিড়িয়াখানাগুলোকে শুধু বিনোদনের স্থান নয়, শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের জ্ঞান, শিক্ষা ও প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই চিড়িয়াখানাকে আধুনিকায়নের মাধ্যমে এখানে দর্শনার্থীদের জন্য উন্নত পরিবেশ সৃষ্টি করা হবে। একই সঙ্গে প্রাণীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, তাদের আবাসস্থল উন্নত করা এবং দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। এসময় তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম চিড়িয়াখানাকে এমন একটি আকর্ষণীয় স্থানে পরিণত করা হবে, যেখানে পরিবার নিয়ে মানুষ আনন্দঘন সময় কাটাতে পারবেন। পাশাপাশি নতুন প্রজন্ম দেশের প্রাণী ও জীববৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

চিড়িয়াখানা পরিদর্শনকালে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত