লোহাগাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া পরিবেশক অ্যাসোসিয়েশন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে তাদের মাঝে ঢেউটিন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ ১ আগস্ট (শনিবার) সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রসেনজিৎ পালের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন তুলে দেন লোহাগাড়া পরিবেশক অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তার আমিন। বক্তব্যে তিনি বলেন,সাম্প্রতিক ভয়াবহ বন্যায় লোহাগাড়ার বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছে। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পরিবেশক অ্যাসোসিয়েশন সব সময় সাধারণ মানুষের যেকোনো দুর্যোগ ও দুঃসময়ে পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রসেনজিৎ পাল তাঁর বক্তব্যে বলেন,
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকারি সাহায্যের পাশাপাশি সমাজের সর্বস্তরের সামর্থ্যবান ও ব্যবসায়ী সংগঠনগুলোকে এভাবে এগিয়ে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত তাদের মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহ-সভাপতি শফিউল আজম বলেন,
“বন্যায় লোহাগাড়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় লাগবে। আমরা সাধ্যমতো ঢেউটিন বিতরণের মাধ্যমে পুনর্বাসনে সহায়তা করার চেষ্টা করছি। ব্যবসায়ীদের একত্রিত করে জনকল্যাণমূলক কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুরুল আলম, সাবেক সভাপতি আবুল কালাম আবু, সাবেক সদস্য সচিব কায়সার হামিদ, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ ফয়সাল, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইকবাল এবং শওকত চৌধুরীসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বন্যায় সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত নিবন্ধিত পরিবারগুলোর হাতে ঘর মেরামতের জন্য ঢেউটিন তুলে দেওয়া হয়।


