এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৮৩৭ টাকায়। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। গত মাসে একই সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।
নতুন দাম কার্যকর হলে আবাসিকসহ বিভিন্ন খাতে এলপিজি ব্যবহারের খরচ আরও বাড়বে। বিশেষ করে রান্নার কাজে সিলিন্ডারের ওপর নির্ভরশীল পরিবারগুলোকে বাড়তি টাকা গুনতে হবে।
এদিকে এলপিজির নতুন দাম ঘোষণার আগে থেকেই বাজারে সরবরাহ সংকট চলছে। গত ১০ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। সংকটের সুযোগে খোলা বাজারে ১২ কেজির একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৪০০ টাকায়। ফলে বিইআরসির নির্ধারিত দামের চেয়ে বাজারে একটি সিলিন্ডারের জন্য গ্রাহককে প্রায় ৫৬৩ টাকা বেশি দিতে হচ্ছে।
সরবরাহ সংকটের মধ্যে নতুন করে দাম বাড়ানোর ফলে এলপিজি ব্যবহারকারী সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি ব্যয়ের চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


