আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে দেশে উন্নয়ন ও অগ্রগতিতে নিরলস কাজ করছে। তাই সরকারের এ সফলতার গল্প জনগণের কাছে তুলে ধরতে হবে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ও ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে নগর আওয়ামী লীগের গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, সুদীর্ঘ সুদিনে দলের নেতাকর্মীরা নানামুখী সাংগঠনিক কর্মকাণ্ড করে এসেছেন। দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করণে নেতাকর্মীরা সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিন্তু তাদের আরো সচেষ্ট হয়ে সংগঠনের জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, দলের ইউনিট, ওয়ার্ড, থানা পর্যায়ের নেতাদের সরকারের সঙ্গে সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে একাত্মতা ঘোষণা করতে হবে। তৃণমূল নেতাকর্মীরা দলের মূল শক্তি।
তৃণমুল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও কর্মকাণ্ডের উপরই নির্ভর করে সংগঠনের সফলতা। সংগঠনকে শক্তিশালীকরণে তৃণমূল নেতাকর্মীর ঐক্য মূল নিয়ামক হিসেবে কাজ করে।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম প্রমুখ।


