বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

দেশে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৪১ জন

বিশেষ প্রতিনিধি: নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে চার হাজার ৮৮১ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৫৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৪৫ হাজার ৮০৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৫টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮১৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১২ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৯২৩ জন। দেশে এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছে দুই লাখ ৫২ হাজার ৩৩৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে পুরুষ ১৬ ও নারী ছয়জন। এ নিয়ে করোনায় মোট তিন হাজার ৮০৪ জন পুরুষের মৃত্যু হয়েছে এবং নারী মারা গেছে এক হাজার ৭৭ জন।

বয়স বিবেচনায় মৃতদের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন এবং ষাটোর্ধ্ব ১২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছে। মৃত ২২ জনের মধ্যে ২১ জন হাসপাতালে আর একজন বাড়িতে মারা গেছেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু হয় গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত