রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Single Top Banner

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭০৫

বিশেষ প্রতিনিধি: নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে চার হাজার ৯৭৯ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৭০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৫০ হাজার ৬২১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। এ ছাড়া ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের কিছু নমুনা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ১৫২ জন। দেশে এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছে দুই লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১৩ জন। এ নিয়ে করোনায় মোট তিন হাজার ৮৭৩ জন পুরুষের মৃত্যু হয়েছে এবং নারী মারা গেছে এক হাজার ১০৬ জন।

বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন এবং ষাটোর্ধ্ব ২০ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে দুজন রয়েছে। মৃত ৪০ জনের মধ্যে ৩৭ জন হাসপাতালে, দুজন বাড়িতে ও মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু হয় গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত