বিশেষ প্রতিনিধি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান অনস্বীকার্য। এদেশের জন্য বিশ্বে তিনি জনমত গঠন করেছেন। আমাদের স্বাধীনতা অর্জনে তিনি অনেক ভূমিকা রাখলেও আমরা তাঁকে সেভাবে সম্মান জানাতে পারিনি। তাই সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু মঞ্চের পাশেই আমরা ইন্দিরা মঞ্চ তৈরি করব।’
আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত ইন্দিরা গান্ধীর স্মরণসভায় মোজাম্মেল হক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ইন্দিরা গান্ধী যখন স্বাধীনতার পক্ষে অবস্থান নেন, তখন ভারতের কিছু ব্যক্তি বাধা সৃষ্টি করে। তবে তিনি তাদের বলেছিলেন, আমি ন্যায় ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছি। একইভাবে আমেরিকাতে একদল সাংবাদিক তাঁকে পাকিস্তান যুদ্ধের উসকানিদাতা হিসেবে উল্লেখ করেন। জবাবে ইন্দিরা গান্ধী বলেছিলেন, জনগণের মুক্তির জন্য আমার অবস্থান। আমি জনগণের পক্ষে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী ভারতের সব সীমান্ত খুলে দিয়েছেন আমাদের জন্য, এক কোটি মানুষকে আশ্রয়, খাদ্য সহায়তা দিয়েছেন, দুই লাখ মানুষকে প্রশিক্ষণ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। অথচ এতো অবদানের পরও আমরা ইন্দিরা গান্ধীকে সেভাবে সম্মান দিতে পারিনি, তাঁর সম্মানে কিছু করতে পারিনি।’
স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বিএসএমএমইউর সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান, সাবেক রাষ্ট্রদূত ও সংগঠনটির আহ্বায়ক নিম চন্দ ভৌমিক, মুক্তিযোদ্ধা ড. ফজলে এলাহী প্রমুখ।


