বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

দেশে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২১, আক্রান্ত ২১৩৯

চেতনা ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ১৩৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ৩৪ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৬০৪ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৫১ হাজার ১৪৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৬টি ল্যাবে ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ২১৮টি। এ পর্যন্ত দেশে মোট ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ছয়জন। করোনায় এ পর্যন্ত দেশে পুরুষ মারা গেছে চার হাজার ৭৮৩ জন এবং নারী এক হাজার ৪৩২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন রয়েছেন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে চারজন এবং রংপুর বিভাগে তিনজন। তাঁদের মধ্যে হাসপাতালে ২০ জন এবং বাড়িতে একজন মারা গেছে।

দেশে নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত