স্টাফ রিপোর্টার: দেশে সক্রিয় সব সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন চট্টগ্রামের বীর মু্ক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।
শুক্রবার বিকালে নগরীর এ কে খান মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাহাড়তলী, আকবর শাহ, খুলশী ও হালিশহর থানা কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে গিয়ে বিজয়ী হয়েছিল। স্বাধীনতার ৪৯ বছর পর মৌলবাদীদের উস্কানিমূলক বক্তব্য এবং উগ্র মৌলবাদী জঙ্গিগোষ্ঠী জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনেছে।
“সাম্প্রদায়িক অপশক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে নেমেছে। বিজয়ের মাসে এই আঘাত মুক্তিযোদ্ধারা কোনোভাবেই মেনে নেব না। অবিলম্বে হেফাজতসহ ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
প্রধান বক্তা নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, “বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু আমাদের চেতনার অংশ, অস্তিত্বের অংশ। বঙ্গবন্ধু আর বাংলাদেশ অভিন্ন স্বত্ত্বা। বঙ্গবন্ধুর প্রতি যারা আঘাত করেছে তাদের সঙ্গে কোনো আপস নেই।
“প্রয়োজনে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা একাত্তরে আমাদের বাবাদের মত আমরাও রক্ত দিতে প্রস্তুত। মৌলবাদী গোষ্ঠী যে হাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে সে হাত আমরা গুঁড়িয়ে দেব।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ, নূর উদ্দিন ও কামরুল ইসলাম জতু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, সৈকত চক্রবর্তী, এস এম ইশতিয়াক আহমেদ রুমি প্রমুখ।


