বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: জনগণের দোরগোড়ায় দ্রুত নাগরিক সেবা পৌঁছানো এবং সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণের জন্য জেলা প্রশাসনের ‘হাসপাতাল তথ্য বাতায়ন’ এবং ‘স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম’ চালুর জন্য ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টি-পারপাস হলে দেশের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি মেলার সমাপনী দিনে তাকে ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

করোনার সময়ে স্বাস্থ্যসেবায় ভোগান্তি কমাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের চালু করা ‘হাসপাতাল তথ্য বাতায়ন’ এবং অস্ত্রের লাইসেন্স জালিয়াতি ঠেকাতে ‘স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট’ সিস্টেম দুটো সকলের নিকট প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেব, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ মার্চ বন্দরনগরী চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেন বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত