বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনার নতুন ধরন ওমিক্রন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত

বিদেশ ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ।

শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ ঘোষণা দিয়ে বলেন, ‘সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট নিয়ে আমরা অবহিত হয়েছি। এই ভ্যারিয়েন্ট খুবই অ্যাগ্রেসিভ। এ কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ এখনই স্থগিত করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরকে এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সকল বিমানবন্দর এবং স্থলবন্দরে স্ক্রিনিং আরও জোরদার করা হচ্ছে। সারাদেশে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আরও কঠোর হওয়ার জন্য জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য দেশ থেকে আসা নাগরিকদের বিষয়েও সতর্কতা অবলম্বন করা হবে। তাদের টিকা নেওয়া এবং আরটিপিসিআর টেস্ট করা আছে কি-না দেখা হবে।’

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এ ধরনটি প্রথম শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে ‘ওমিক্রন’। এরই মধ্যে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে এটি শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, করোনার যতগুলো ধরন এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, তার মধ্যে ওমিক্রনে জিন বিন্যাসে পরিবর্তন এসেছে সবচেয়ে বেশি। যে কারণে এ পর্যন্ত করোনার যেসব টিকা তৈরি হয়েছে, সেগুলো ওমিক্রনের ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। এছাড়া জিন বিন্যাসে পরিবর্তনের কারণে এ ভাইরাস অনেক বেশি দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেছে, করোনার নতুন এ ধরন কতোটা প্রভাব ফেলতে পারে সেটা বুঝতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত