রাজধানী ঢাকার পাশাপাশি বন্দর নগরী চট্টগ্রামেও নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে একটি দোতলা ও একটি একতলা গোলাপি বাস দিয়ে কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।
মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ভার্চ্যুয়ালি এ সেবার উদ্বোধন করেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র প্রান্ত থেকে অতিথিরা অনুষ্ঠানে যুক্ত হন। পরে সেখানে বেলুন উড়িয়ে চট্টগ্রামে বাস দুটির চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কাপ্তাই রাস্তার মাথা ও নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা হয়ে ফ্রি পোর্ট ও পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এ পথে যাত্রীদের জন্য ১২টি নির্ধারিত স্টপেজ রয়েছে। দূরত্ব অনুযায়ী সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং পুরো পথের সর্বোচ্চ ভাড়া ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে সাতটায় কালুরঘাট থেকে প্রথম বাস ছেড়ে যাবে। এর আধঘণ্টা পর দ্বিতীয় বাসটি যাত্রা শুরু করবে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ‘এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকার, তিনি সেই অঙ্গীকার বাস্তবায়ন করেছেন। এ বাসের যাত্রী, চালক ও হেলপার সবাই নারী। সরকারের উদ্দেশ্য-নারীরা যাতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদভাবে চলাচল করতে পারেন, এ বিশেষ সার্ভিস চালুর মাধ্যমে তা পূরণ হবে। সার্ভিসটি চালু করায় তিনি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
নারীদের পছন্দের রং গোলাপীর সাথে মিল রেখে বাসের রং গোলাপী রাখা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দিনটি চট্টগ্রাম ও নারী সমাজের জন্য স্মরণীয়। শিল্পনগরী চট্টগ্রামের বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানে হাজারো নারী কাজ করেন। তাঁদের নিরাপদে কর্মস্থলে যাতায়াত ও বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার এ বিশেষ বাসসেবা চালু করেছে। নারীদের এ বাসসেবা ব্যবহারে উৎসাহিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। একই সঙ্গে শিল্পকারখানার মালিকদের তাঁদের নারী কর্মীদের এ নিরাপদ যাতায়াতসুবিধা গ্রহণে উদ্বুদ্ধ করার অনুরোধও জানান তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. নাজিমুল হক, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলম এবং বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- মহিলাদের জন্য বিআরটিসির এ বিশেষ বাস সার্ভিস ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায়ও আজ থেকে চালু করা হয়েছে।


