চট্টগ্রামে হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় ১৩টি করে ২৬টি ইউনিয়নে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ভোটের মাঠে নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন থেকে নিযুক্ত রয়েছে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সমন্বয় করে প্রয়োজনে তাদের নির্বাহী আইন প্রয়োগ করবেন।
হাটহাজারী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হলেন আশরাফুল হাসান, মামনুন আহমেদ অনীক, রাজীব হোসেন, আশরাফুল আলম ও গালিব চৌধুরী।
রাঙ্গুনিয়া উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হলেন, নাঈমা ইসলাম, এসএমএন জামিউল হিকমা, মাসুদ রানা ও পিযুষ কুমার চৌধুরী।
হাটহাজারী উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ১৩টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৯৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৯১৪ ও মহিলা ভোটার ১ লাখ ২৫ হাজার ৭৯ জন। ১২২টি ভোটকেন্দ্রে ৬৩৩ বুথে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ১১ জন। বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৬ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯২ জন, সাধারণ সদস্য পদে ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে রাঙ্গুনিয়া উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের মধ্যে ৮টিতে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। চেয়ারম্যান পদে ভোট হচ্ছে বাকি ৫টিতে।
১৩ ইউপিতে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০৬ জন ও সাধারণ সদস্য পদে ৩১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৫ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিপরীতে বিদ্রোহী প্রার্থীদের আনারস প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ১৩টি ইউনিয়নে ১১৮টি ভোটকেন্দ্রে এবার ভোটকক্ষ করা হয়েছে ৫৯৪টি। এছাড়া অস্থায়ী ভোটকক্ষ রয়েছে ৪৪টি। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ২৭ ও নারী ভোটার ১ লাখ ৪১০ জন।
উল্লেখ্য, গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার তৃতীয় ধাপে এক হাজার এবং চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪০টি এবং আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


