বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

একাদশে ভর্তির আবেদনে সতর্ক থাকার নির্দেশ

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। এছাড়াও বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন করতে বলা হয়েছে। এর বাইরে ফেইক ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে আবেদন করে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ এর দায় বহন করবে না বলেও জানানো হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম চলছে। কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে সুকৌশলে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ছাড়াই অনলাইনে ভর্তির আবেদন করছে। শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে এ ধরণের প্রতারক চক্র হতে সাবধান থাকার জন্য সতর্ক করেছে ঢাকা বোর্ড।

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রতারণায় জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরূদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের প্যানেল বা সার্ভার বন্ধসহ পাঠদান স্থগিত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ফেইক ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে আবেদন করে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনক্রমেই এর দায় বহন করবে না।

জানা গেছে, একাদশে শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটের (http://www.xiclassadmission.gov.bd) মাধ্যমে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নেয়া হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত