সিপি ডেস্ক :
শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কেন্দ্রীয় নেতাদের নিয়ে মঞ্চে উঠেন শেখ হাসিনা।
এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোহরাওয়ার্দী মাঠে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসার পর আধঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপর শোকপ্রস্তাব উত্থাপন করবেন দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। দলের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য রাখবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের শেষ হবে প্রথম অধিবেশন।
এবারের জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলর এবং এক লাখের বেশি নেতাকর্মী অংশ নিচ্ছেন। পরে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এ অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। দলের নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।


