শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Single Top Banner

একুশের প্রথম কবিতার স্রষ্টার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক :

‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ -একুশের প্রথম কবিতার স্রষ্টা, ভাষা সংগ্রামী বরেণ্য বুদ্ধিজীবী, ‘সীমান্ত’ সাময়িকীর সম্পাদক কবি মাহবুব উল আলম চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের এদিনে তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মাহবুব উল আলম চৌধুরী নানা বিষয়ে বিভিন্ন আঙ্গিকে বহু কবিতা, গল্প, নাটক এবং প্রবন্ধ রচনা করেছেন। সত্তর দশকে সম্পাদনা করেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক স্বাধীনতা।

১৯২৭ সালের ৭ নভেম্বর রাউজানের গহিরা গ্রামে আসাদ চৌধুরী পরিবারে তাঁর জন্ম। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ‘আবেগধারা’ তাঁর ছোটবেলায় লিখিত প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া চল্লিশ এবং পঞ্চাশ দশকে ‘ইস্পাত’ এবং ‘অঙ্গীকার’ নামে তাঁর দু’টি কাব্যগ্রন্থ কলকাতা থেকে প্রকাশিত হয়।

তিনি হুমায়ুন কবিরের ভূমিকা সম্বলিত ‘দারোগা’ ও ‘আগামীকাল’ নামে দুটি নাটকও লেখেন। ১৯৪৬ সালে ‘বিষের নেশা’ নামের একটি উপন্যাসও লিখেছেন। ১৯৫১ সালে চট্টগ্রামের হরিখোলার মাঠে ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী পূর্ব পাকিস্তানের প্রথম সাংস্কৃতিক সম্মেলনের তিনি ছিলেন অন্যতম প্রধান সংগঠক।

১৯৫২ সালে চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। একই বছর কুমিল্লায় যে সাংস্কৃতিক সম্মেলন হয়, সেই সম্মেলনে চট্টগ্রামের প্রায় একশ জন শিল্পী-সাহিত্যিক তার নেতৃত্বে যোগদান করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত