নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় পাহাড় কাটে সড়ক নির্মাণের অভিযোগে একজনের সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় পাহাড় কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরের আকবরশাহ থানাধীন বেলতলীঘোনা এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমেদ ও আকবরশাহ থানার সাব ইন্সপেক্টর আলাউদ্দিন ও এএসআই রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, পাহাড় কাটার অভিযোগে আকবরশাহ থানাধীন বেলতলীঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে একজনকে এস্কেভেটরসহ পাহাড়কাটা অবস্থায় হাতেনাতে ধরা হয়। হালিশহর ইদগাহ এলাকার ওই বাসিন্দা মো. শাহজাহান (৪০) কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় পাহাড় কাটায় ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয়।
পাশাপাশি পাহাড়কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্দপূর্বক নিয়মিত মামলা করা হচ্ছে।
যে পাহাড়টি কাটা হচ্ছে সেটি প্রায় ১১ একর। এটি অগ্রণী ব্যংক অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নামে নগরের আকবর শাহ এলাকার লটনয় পাহাড়তলি মৌজায় অবস্থিত।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘পাহাড় কাটার বিরুদ্ধে ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। পাহাড় কাটার দায়ে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক নিয়মিত মামলার ব্যবস্থাসহ মোবাইল কোর্টে পরিবেশ আইনে জেল জরিমানা করা হয়েছে। পাহাড় কাটার বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি।পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় কাটার দায়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


