চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গাঁজাসহ আটক তিন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যার পর তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চবি ল্যাবরেটরি স্কুল ভবনের সামনে থেকে পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাকি দুজন বহিরাগত। অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ।
আটক শিক্ষার্থীরা হলেন— নৃবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্রী জাফরিন সুলতানা (ফেসবুক আইডি: সানিলা জামিল জয়ী), ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ এবং ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাদী। বাকিদের নাম হিরন ও হাসিব, যারা বহিরাগত।
বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলী বলেন, ‘তাদের মধ্যে দুইজন নৃবিজ্ঞানের এবং একজন ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে, যা জয়ী নামের শিক্ষার্থীর পকেট থেকে পাওয়া যায়। সে নিজেই সেটি বের করে দেয়।’
তিনি বলেন, ‘আমরা তাদের কাউন্সেলিংয়ের সুযোগ দিতে চেয়েছিলাম। এজন্য অভিভাবক বা কোনো শিক্ষককে সঙ্গে আনার অনুরোধ করি। কিন্তু তারা কেউ অভিভাবক আনেনি, এমনকি তাদের ফোন করতেও দেয়নি। ফলে আমাদের আর কোনো পথ খোলা ছিল না। বিশ্ববিদ্যালয়কে তো আমরা মাদকসেবীদের হাতে ছেড়ে দিতে পারি না। তাই শেষ পর্যন্ত তাদের পুলিশে দিতে বাধ্য হয়েছি।’
অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে ধর্ম অবমাননার অভিযোগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে জাফরিন সুলতানা জয়ীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল।


