বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সৌরভ বহিষ্কার, চারজনকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের চার সাবেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সৌরভ প্রিয় পালের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে সৌরভের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।

একই সময়ে পাঠানো পৃথক এক চিঠিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের চার সাবেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন– সাবেক সহ-সভাপতি বাপ্পি দে, বিপ্লব চৌধুরী বিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত তালুকদার এবং অপু চৌধুরী আকাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম জানান, ‘চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যালয় দখলের চেষ্টা ও হামলার অভিযোগে সৌরভ প্রিয় পালকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার সাবেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত