বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে বিএনপির সহিংসতা তদন্তে মাঠে আজিজুল বারী হেলাল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও সহিংসতার ঘটনায় তদন্তে নামছে কেন্দ্রীয় বিএনপি। একের পর এক সংঘর্ষ ও হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, “কয়েক মাস যাবৎ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অধীন রাউজান উপজেলা বিএনপিতে অপ্রীতিকর ঘটনা, হানাহানি ও রক্তাক্ত সহিংসতার বিষয়ে সরেজমিনে তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।”

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। সেই রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির চট্টগ্রাম রাউজানে অভ্যন্তরীণ কোন্দল চরমে ওঠে। সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এবং বিএনপির ভাইস চেয়ারম্যান পদে থাকা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত এক বছরে একের পর এক সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটে চলেছে রাউজানে।

গত ১১ মাসে রাউজানে অন্তত ১৫টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে কমপক্ষে ১০টি রাজনৈতিক সহিংসতার কারণে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় রাউজান থানায় ১৪টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি মামলায় আসামিরা অজ্ঞাত, বাকি মামলাগুলোতে এজাহারভুক্ত আসামিদের অনেকে এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে।

সর্বশেষ সংঘর্ষের ঘটনা ঘটে ২৯ জুলাই উপজেলার গহিরা ইউনিয়নের সত্তারঘাট এলাকায়। ওইদিন বিএনপির দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষে গোলাম আকবর খোন্দকারসহ অন্তত ৩০ জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হয় তিনটি মোটরসাইকেলে।

এ ঘটনার পর কেন্দ্রীয় বিএনপি তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে।  এ কমিটির আহবায়ক গোলাম আকবর খোন্দকার এবং বরেক চিঠিতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভাইস চেয়ারম্যান পদও স্থগিত করা হয়।

দলীয় শৃঙ্খলা রক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরেজমিন তদন্তে নামছেন আজিজুল বারী হেলাল। তার প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় কমিটি রাউজানে দল পুনর্গঠন ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত