বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় অপহরণের তিন দিন পর পুলিশের বিশেষ অভিযানে এক শিশু উদ্ধার হয়েছে। এ ঘটনায় একজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাত ১২টার পর সৌদি প্রবাসী সাইফুল ইসলামের বাড়িতে মুখোশধারী ৫-৬ জন অপহরণকারী হামলা চালায়। তারা টিনের দরজা ভেঙে ৭ বছরের শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরদিন অপহরণকারীরা শিশুটির মাকে ভিন্ন নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
বিষয়টি জানার পরই বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার-এর নির্দেশে নাইক্ষ্যংছড়ি থানা ও কাগজীখোলা ফাঁড়ির একাধিক দল পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এতে ঈদগড়ের বৌঘাটা গ্রামের রুহুল আমিন (২০) নামের এক অপহরণকারীকে আটক করে তার জবানবন্দিতে শিশুটিকে উদ্ধার করা হয়।
বর্তমানে শিশুটি পরিবারের কাছে নিরাপদে রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, “ঘটনার পরপরই অভিযান চালানো হয়। দ্রুত সময়ের মধ্যেই একজনকে গ্রেপ্তার ও শিশুটিকে জীবিত উদ্ধার করতে পেরেছি।”
শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ জনের নাম উল্লেখ করে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: জিআর ৯১/২০২৫)। অপহরণ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা এই ঘটনাকে ‘নিকৃষ্ট ও ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে বলেছেন, পুলিশের দ্রুত পদক্ষেপে তারা সন্তুষ্ট। একইসঙ্গে তারা জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান।


