বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

 ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন ড. ইউনূস-

৫ আগস্ট ঢাকায় লোক আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, ছাত্র ও পেশাজীবীদের রাজধানীতে আনতে আট জোড়া (১৬টি) বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন বিকেলে জাতীয় সংসদের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণা পাঠ করবেন।

রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক কমার্শিয়াল শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিশেষ ট্রেন পরিচালনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রেলওয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের পক্ষ থেকে গণপরিবহনের সহযোগিতা চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং নির্দিষ্ট রুট, সময়সূচি ও আসন সংখ্যা চূড়ান্ত করে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, যেসব অঞ্চল থেকে যাত্রী পরিবহন করা হবে সেগুলো হলো: সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ ও জয়দেবপুর। প্রতিটি রুটে একটি করে জোড়া ট্রেন পরিচালিত হবে, যেগুলোর আসন সংখ্যা সাধারণ ট্রেনের তুলনায় বেশি থাকবে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে জানান, “৫ আগস্টের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে আট জোড়া বিশেষ ট্রেনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আমরা জনগণের চলাচলে রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করছি।”

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিশেষ ট্রেনগুলোর সময়সূচি এবং স্টপেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট স্টেশনগুলিতে জানিয়ে দেওয়া হয়েছে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

জানা গেছে, ২০২৪ সালের ৩ জুলাই শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’কে কেন্দ্র করে এই মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। ওই দিন বিকেলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা পাঠ করবেন, যা ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত