চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুটখালী ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
এসময় রাজশাহী জেলার বাঘা থানার চকরাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফিকুল ইসলামকে ইয়াবাসহ আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৪ হাজার
৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ঘটনার বিষয়ে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


