বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক 

নিজস্ব প্রতিবেদক :

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. ওমর ফারুক খানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে ২০২৮ সালের ৩০ জুলাই পর্যন্ত মেয়াদে তার নিয়োগ চূড়ান্ত করা হয়।

এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের আহ্বানে আয়োজিত ভাইভা বোর্ডে অংশগ্রহণ করেন তিনি। সাক্ষাৎকারসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নিয়ন্ত্রক সংস্থা তার নিয়োগে চূড়ান্ত অনুমোদন দেয়।

ব্যাংকিং খাতে প্রায় ৩৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মো. ওমর ফারুক খান ২০২৩ সালের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করেন।

দক্ষ নেতৃত্ব ও পেশাগত নৈপুণ্যের জন্য তিনি ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং উইং, প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগ, জোনাল অফিস ও শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এই ব্যাংকার ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে তার পেশাজীবন শুরু করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। ওমর ফারুক খানের নেতৃত্বে ব্যাংকটির নীতিনির্ধারণ ও কৌশলগত অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত