চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৩৬ জন এবং চিকুনগুনিয়ায় ৭৩ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, বিআরটিআইডি হাসপাতালে ১২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন, উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ৯ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। শনিবার বিকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ জন। চলতি আগস্ট মাসে আক্রান্ত হন ১৬৭ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৪৯৭ জন নগরীর এবং ৫৪৫ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের ৫৬২ জন পুরুষ, ৩০৬ জন নারী ও ১৭৪ জন শিশু।
চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৫৪৫ জন আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ১৬৫, বাঁশখালীতে ১৩০, লোহাগাড়ায় ৪৪, আনোয়ারায় ৪৪, সাতকানিয়ায় ৩৫, রাউজান ২৮, কর্ণফুলীতে ১৭, হাটহাজারীতে ১৬, পটিয়ায় ১৩, মীরসরাইয়ে ১২, চন্দনাইশে ১১, রাঙ্গুনিয়ায় ও ফটিকছড়িতে ৮জন করে, বোয়ালখালীতে ও সন্দ্বীপে ৭ জন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন চার হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।


