বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে ৮ জন জেলে নিখোঁজ রয়েছেন। সাগরে ভাসমান অবস্থায় অপর একটি নৌকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড।
এ প্রসঙ্গে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সাগরে মাছ ধরার ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজের ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় একটি জিডি করা হয়েছে। এতে বলা হয়েছে। ট্রলারটিতে ১৯ জন ছিল। এরমধ্যে ১১ জনকে অপর একটি নৌকা জীবীত উদ্ধার করেছে। এখনো নিখোঁজ রয়েছে ৮ জন।’
জানা গেছে, নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।
শুক্রবার (৮ আগস্ট) কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, ট্রলারের মালিক আজ বিষয়টি কোস্টগার্ডকে জানিয়েছেন। এরপর নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে কোস্টগার্ড।
ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ শুক্রবার (৮ আগস্ট) বেলা দুইটার দিকে বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল। দুপুরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। নৌযানে থাকা ১১ জনকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করেছে, তবে এখন পর্যন্ত আটজনকে পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের সন্ধানে একটি বড় নৌকা নিয়ে গভীর সাগরে যাচ্ছেন বলেও জানান মোহাম্মদ মিরাজ।


