কর্ণফুলী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী মো. দিদার হোসেন চৌধুরী (২৬) কে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ১১ আগস্ট তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভিডিও এবং বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছিল দিদার হোসেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে অনলাইনে বেশ সরব ছিলো দিদার। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাকে আটক করা হয়।
গ্রেফতার দিদার হোসেন চৌধুরী চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ২নং ওয়ার্ডের হযরত বিশ্ব ফকির (রহ.) বাড়ির বাসিন্দা। তার পিতা আবুল কালাম ও মাতা আয়েশা আক্তার।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য দিদার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে কর্ণফুলী থানার সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে


