চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় গভীর রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে মোট ৫৮ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে ১৮ জনের নাম উল্লেখসহ ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১৩ আগস্ট) বিকেল পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বন্দর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ, যুবলীগসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ গ্রেফতারে অভিযান চালানোর সময় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে মিছিল হয়েছে। তার নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এতে অংশ নেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়। আমরা যাদেও গ্রেফতার করেছি তাদের বেশিরভাগই আওয়ামী লীগের সদস্য। অন্য আসামিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর টিম মাঠে আছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


