চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় ২ নাম্বার গেট ফ্লাইওভারের ওপর থেকে নাট, বল্টু ও লোহা চুরির সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজ বুধবার সকাল ১১টার দিকে ফ্লাইওভারের উপরের অংশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনজন ব্যক্তি ফ্লাইওভারের কাঠামো থেকে নাট–বল্টু খুলে সংগ্রহ করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে যায়। ধাওয়া দিলে চোরেরা পালানোর চেষ্টা করে। তবে ধস্তাধস্তির একপর্যায়ে ঘটনাস্থলেই তিনজনকে আটকে ফেলা হয়।
পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


