চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কক্সবাজার জেলার ঈদগাঁও সদর ইউনিয়নের জাগিরপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে রাকিবুল ইসলাম এবং একই ইউনিয়নের কানিয়াছড়া এলাকার শামসুল ইসলামের ছেলে জিহাদ (১৯)। তারা সম্পর্কে আপন ফুফাতো মামাতো ভাই।
নিহতের সফরসঙ্গী সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ৩টি মোটরসাইকেলে ৬ বন্ধু সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজারগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত লোহাগাড়ার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, এই এলাকায় প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
দুর্ঘটনার পর পার্বত্য বান্দরবানের লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘাতক চালক মো. আমির উদ্দীন (২৪) ও তার সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আজিজনগর চাস্বি বাজার থেকে আটক করে এবং পিকআপটি জব্দ করে। পরে বিষয়টি দোহাজারী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত ব্যবস্থা নিচ্ছে।
এদিকে নিহত রাকিবুল ইসলামের বড় ভাই হানি ইসলাম জানান, ছয় বন্ধু সাজেক ভ্রমণে রওনা দিয়েছিল, কিন্তু দুর্ঘটনা তাদের আনন্দময় যাত্রা মুহূর্তেই শেষ করে দেয়। দুই পরিবারের বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে।


