চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোজাহের আহমদ (৩৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মাগরিবের পর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাহের আহমদ স্থানীয় শেয়ার আলীর ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক এবং পেশায় কৃষক। দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই মামলার শুনানিতে অংশ নিতে তিনি চট্টগ্রাম আদালতে যান। বিকেলে বাড়ি ফেরার পথে পূর্ব বড়ঘোনা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি পুকুরে পড়ে যান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে রাত আনুমানিক ১০টার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

