চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাকসেস রোডে ঝুট কাপড়ের গুদাম ও প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে গেছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে বাকলিয়া আহাদ কনভেনশন সেন্টারের পাশে ঝুট কাপড়ের টিনশেড গুদামে আগুন লাগে। পরে তা পাশের প্লাস্টিকের ভাঙারি কারখানায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, ব্যক্তিমালিকানাধীন গুদামটিতে পরিত্যক্ত কাপড় এবং প্লাস্টিক পণ্যের বোতল রাখা হয়েছিল। রাতে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিয়ন আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ভোর পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, গুদামে থাকা মালামাল পুড়ে গেলেও আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকাল ১০টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। কী কারণে আগুন লেগেছে সেটি তদন্ত শেষে জানা যাবে।


