পাবনার চাটমোহর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাকিল আহম্মেদের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ প্রকাশের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বিষয়টি উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
নিখোঁজ শাকিল আহম্মেদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা ও তিন সন্তানের জনক। কয়েক মাস আগে তার সঙ্গে চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুনের পরিচয় হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিচয়ের পর তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন।
সম্প্রতি মাসুরা খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনের চৌধুরীপাড়া এলাকায় ভাড়া বাসায় ওঠেন। সেখানে শাকিল নিয়মিত যাতায়াত করতেন।
গত মঙ্গলবার (১২ আগস্ট) কুষ্টিয়ায় আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে থানার বের হওয়ার পর থেকে শাকিল নিখোঁজ। একই সময়ে মাসুরা খাতুনকেও পাওয়া যাচ্ছে না। শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত তিনি থানায় ফেরেননি।
মাসুরা খাতুন নিখোঁজ হওয়ার পর তার শ্বশুর বজলুর রহমান বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে এএসআই শাকিলের সঙ্গে পুত্রবধূর সম্পর্কের বিষয়ে জানতে পেরে চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার জানান, “বিষয়টি আমাদের জানা গেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শাকিল কেন থানায় উপস্থিত নেই, সে বিষয়ে প্রতিবেদন করা হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”


