চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন নন্দনপুর এলাকায় অবস্থিত আলহাজ্ব বদিউল আলম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা বিদ্যালয় থেকে একাধিক মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।
সোমবার (১৮ আগস্ট) বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী উম্মে নাহার কর্তৃক থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রাত ও ১৬ আগস্ট রাতে বিদ্যালয়ে দুটি পৃথক চুরির ঘটনা ঘটে। প্রথমে বিদ্যালয়ের রান্নাঘর থেকে একটি সিলিন্ডার, গ্যাসের চুলা ও ওয়াশ ব্লকের মোট ১৪টি টেপ চুরি হয়। দ্বিতীয়বার বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ৪টি সিলিং ফ্যান, ২টি স্ট্যান্ড ফ্যান এবং একটি ছোট টেবিল ফ্যান চুরি করে নিয়ে যায় চোরেরা।
১৭ আগস্ট সকালে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকারা বিদ্যালয়ে এসে সব কিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারকে অবহিত করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
প্রধান শিক্ষক কাজী উম্মে নাহার জানতে চাইলে বলেন, চুরির ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি অভিযোগে দ্রুত তদন্তপূর্বক চোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল হালিম বলেন, স্কুলে চুরির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


