বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর পরিবহন সেক্টরের শিক্ষা বৈঠক আজ সকালে নগরীর একটি হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, দেশের অন্যতম প্রধান শ্রম-সেক্টর পরিবহন দেশের অর্থনীতি থেকে শুরু করে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, “পরিবহন কর্মীরা এখনও সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। সন্ত্রাসীদের চাঁদাবাজি এবং ট্রাফিক পুলিশের অন্যায্য হয়রানি তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দেশের ক্ষমতার পালাবদল হলেও এই সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ হয়নি। অবিলম্বে এই দৌরাত্ম বন্ধ করতে হবে। ড্রাইভিং লাইসেন্স, রোড পারমিটসহ সব সরকারি সেবা সহজলভ্য ও দুর্নীতিমুক্ত করতে হবে। সর্বোপরি, পরিবহন শ্রমিকদের প্রতি বৈষম্য ও হয়রানি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।”
পরিবহন সেক্টরের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন ও মকবুল আহম্মেদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
এছাড়া পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ বেলায়েত হোসেন, আবু কালাম, আঃ রহিম, আবু জাফর প্রমুখও বক্তব্য রাখেন।


