চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গীতা রানি ঘোষ (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন একই পরিবারের আরও তিনজন।
রবিবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মোহরার মল্লর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন নিহত গীতা রানি ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৪৯), তাঁর স্ত্রী কনা ঘোষ (৩৫) ও মেয়ে শশী ঘোষ (১০)। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে শশী ঘোষকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে পাঠানো হয়। পরে বিপ্লব ঘোষ ও কনা ঘোষকেও ঢাকায় পাঠানো হয়েছে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেমিপাকা ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।


