বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ইপিজেডে মাহফুজুর রহমান হত্যা মামলা: দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বহুল আলোচিত মাহফুজুর রহমান হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মৃত্যুদণ্ডপ্রাপ্ত তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয় এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. আহসান প্রকাশ ইয়াছিন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয়কে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আহসানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ মে সকালে নগরের ইপিজেড থানার নিউমুরিং এলাকার শাহীন শাহ টাওয়ারের পাশে একটি ঘর থেকে মাহফুজুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে উঠে আসে, আসামিরা মাহফুজুর রহমানকে হত্যার আগে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে পালখিন ও স্কচটেপ দিয়ে মুখ আটকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে ভিকটিমের গলায় নাইলনের রশি বেঁধে সিঁড়ির গ্রিলে ঝুলিয়ে রাখা হয়।

২০২২ সালের ২৫ জানুয়ারি দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ আদালত রায় ঘোষণা করলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত