সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় মোহাম্মদ ওমর ফারুক (২৬) নামে সাতকানিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দাম্মাম শহরে এ ঘটনা ঘটে।
ওমর ফারুক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাঙ্গরকুল কুইল্ল্য বলির পাড়ার আব্দুস সালাম হাজির বাড়ির মোহাম্মদ ইউছুফের ছেলে।
নিহতের নিকটাত্মীয় মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ শাহাদত হোসেন জানান, এক বছর আগে ওমর সৌদি আরবে কাজ করতে যান। সোমবার কর্মস্থলে কাজ করার সময় অসাবধানতাবশত মাথার ওপর গ্লাস ভেঙে পড়ে তার মৃত্যু হয়।
ওমরের মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বজনরা।
ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ওমরের মৃত্যুর খবর আমরা মাত্রই পেয়েছি। পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে।”


